দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নূরুল ইসলাম মণি। তিনি বলেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে, আর সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন নির্ভর করে প্রশাসনের আন্তরিকতা ও দক্ষতার ওপর। বৃহস্পতিবার বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলি উল্লাহ এবং মোঃ নজরুল ইসলাম মোল্লা।
চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় হাজারো নতুন কর্মকর্তা নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় এবং মেয়াদ শেষে তারা দায়িত্ব ছেড়ে দেন। এর ফলে সরকার ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সিঙ্গাপুরের উদাহরণ টেনে নূরুল ইসলাম মণি বলেন, রাজনৈতিক ঐকমত্য ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কারণেই দেশটি বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশে পরিণত হয়েছে। জাতীয় ইস্যুতে সবাই একসঙ্গে কাজ করলে জ্বালানি সংকটসহ যেকোনো বড় সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোর জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সময়ের দাবি। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল, বায়ুবিদ্যুৎ প্রকল্প, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর, মৎস্য সম্পদ সংরক্ষণ, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলের উন্নয়নে যারা কাজ করবেন, তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চীফ হুইপ বলেন, মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরগুনায় এক শিশুর ওপর এসিড নিক্ষেপের সাম্প্রতিক ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি এক বছর পর্যন্ত স্থগিতকরণসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।পরে চীফ হুইপ কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।